বিনোদন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকাবহুল উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ব্যতিক্রমধর্মী এই কনসার্টের আয়োজন করছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। এতে সহযোগিতা করছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম। ঐতিহাসিক ৩৬ জুলাই আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় এবং ঐক্যবদ্ধ প্রতিবাদের এক অমর প্রতীক। বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে আমরা যেমন নির্ভীকভাবে দেশের পাশে দাঁড়িয়েছিলাম; ঠিক তেমনই আগামী ৫ আগস্ট একই স্পিরিট নিয়ে সংগীতের প্রতি ভালবাসার টানে আবারও একত্রিত হব এবং একসাথে গলা ছেড়ে গাইবে ‘বর্ষা বিপ্লবের গান’।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পরিবেশনা করবে। অংশ নিচ্ছে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং কুঁড়েঘর। পাশাপাশি একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র্যাপার সেজান।
এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী অনুষ্ঠানে অংশ নেবেন। ব্যান্ড সংগীত, সমসাময়িক গান এবং র্যাপের সমন্বয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও সেই সময়ের চেতনাকে সংগীতের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
উন্মুক্ত এই কনসার্টে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক দর্শক ও সংগীতপ্রেমীর উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।
আয়োজকদের মতে, এই আয়োজন কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও চেতনাকে সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। একই মঞ্চে দেশের জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
