আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার মার্কিন নীতি বাতিল করেছেন দেশটির একটি আদালত। শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এ বিষয়ে রায় দেন।
আদালতের রায়ে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত এখতিয়ারের সীমা অতিক্রম করে ওই নীতি গ্রহণ করেছিলেন। বিচারক ভার্গাসের মতে, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নীতিটি বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
বিচারক জ্যানেট ভার্গাস বলেন, ‘জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে নীতি ঘোষণা করেছিল, সেটি স্পষ্টতই বেআইনি। নীতিটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী। আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে।’
গত জানুয়ারিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং লাতিন আমেরিকা, বলকান, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ ছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। এই কারণ দেখিয়েই অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি নেওয়া হয়েছিল।
