স্পোর্টস ডেস্ক । ৪ আগস্ট ২০২৬ ইং
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফ আরও শক্তিশালী করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে কাজ করতে তিন বিদেশি কোচকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর মধ্যে রয়েছেন একজন গোলকিপিং কোচ এবং দুজন সহকারী কোচ।
গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব নিতে বাংলাদেশে আসছেন জার্মানির ক্রিস্তিয়ান বারবুচাক। ৪৯ বছর বয়সী এই কোচ খেলোয়াড়ি জীবনে জার্মানি ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। ২০০৩ সালে কোচিং ক্যারিয়ার শুরু করার পর তিনি কাজাখস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার শীর্ষ লিগের ক্লাব পার্থ এফসির কোচিং স্টাফে ছিলেন। বাংলাদেশ দলে তিনি গোলরক্ষক মিতুল মারমা, শ্রাবণসহ অন্য গোলকিপারদের নিয়ে কাজ করবেন।
ডুলির সহকারী হিসেবে যোগ দিচ্ছেন ভিয়েতনামের এনগুয়েন হোয়াঙ ল্যান। এএফসির ‘সি’ লাইসেন্সধারী এই কোচ অতীতে গায়ানা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ভিয়েতনামের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্যাচ নিন এফসির কোচিং স্টাফেও দায়িত্ব পালন করেছেন।
আরেক সহকারী কোচ হিসেবে দলে যুক্ত হচ্ছেন জার্মানির রেনার্ড কার্ল স্টাম্ফ। ইউয়েফা প্রো লাইসেন্সধারী ৬৪ বছর বয়সী এই কোচ সৌদি আরবের আল শাবাব ও আল ইত্তিফাকের প্রধান কোচ ছিলেন। খেলোয়াড়ি জীবনেও গালাতাসারাই ও এফসি কোলনের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে মাঠে নেমেছেন তিনি।

হাভিয়ের কাবরেরার বিদায়ের পর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন থমাস ডুলি। তার অধীনে প্রথম ম্যাচেই সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে জয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করে বাংলাদেশ।
বাফুফে সূত্রে জানা গেছে, বিদেশি তিন কোচের পাশাপাশি দেশের ভেতর থেকেও আরও দুজন সহকারী কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও অভিজ্ঞ কোচিং স্টাফ গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
