ড্রাইভিং লাইসেন্সে ১২ পয়েন্ট ব্যবস্থা চালু হচ্ছে, আইন ভাঙলে কাটবে পয়েন্ট—শূন্য হলে বাতিল


স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম |

সড়কে শৃঙ্খলা ফেরাতে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্টভিত্তিক শাস্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এ ব্যবস্থায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে চালকদের লাইসেন্স থেকে নির্দিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হবে। সব পয়েন্ট শেষ হয়ে গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করার বিধান থাকবে।


সম্প্রতি বিআরটিএর এক বার্তায় জানানো হয়, সারা দেশে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ নামে একটি অ্যাপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে চালকদের অপরাধ, পয়েন্ট কাটা এবং শাস্তির তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও নজরদারি করা হবে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে প্রাথমিকভাবে ১২ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুযায়ী বিভিন্ন ট্রাফিক অপরাধের ক্ষেত্রে এসব পয়েন্ট কেটে নেওয়া হবে।

এছাড়া আইনটির ৬৬ থেকে ১০৬ নম্বর ধারা পর্যন্ত বিভিন্ন অপরাধে অর্থদণ্ড, কারাদণ্ড এবং পয়েন্ট কর্তনের মতো শাস্তির বিধান রয়েছে। ফলে এখন থেকে শুধু জরিমানা নয়, ধারাবাহিক অপরাধ করলে লাইসেন্স হারানোর ঝুঁকিও বাড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বের মতো পয়েন্টভিত্তিক এ ব্যবস্থা চালু হলে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়বে এবং সড়ক দুর্ঘটনা কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, আরএসপিএস অ্যাপ চালুর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং তাৎক্ষণিকভাবে চালকের অপরাধের তথ্য আপডেট করা সম্ভব হবে। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হতে পারে।

নতুন এ উদ্যোগ কার্যকর হলে দেশের সড়ক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধি।

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *