এই ঘনঘটা বৃষ্টিস্নাত শ্রাবণে
বাংলার রাজপথে
জুলাইয়ের ফাগুন নেমেছে—
দ্রোহ আর প্রেমে।
এই দ্রোহের আওয়াজ
যাদের কানে বাজে না,
তারা বধির।
এই প্রেম
যাদের হৃদয় বিদীর্ণ করেনি,
তারা ক্লীব।
এই দ্রোহের রঙ দেখে
যারা ক্রোধান্বিত হয়নি,
তারা দলান্ধ।
এই ফাগুন—
জনস্রোতের আগুন,
বিস্তৃত দাবানল।
দেখতে পাচ্ছ কি
রক্তের রঙ?
স্বৈরাচারের বুলেটে শিশুর
ছিন্নভিন্ন মাথা
ফুল হয়ে ফোটে।
বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে আছে
শ্রমিকের বুলেটবিদ্ধ লাশ।
ছাত্রজনতার বুক চিরে
বেরিয়ে আসে
শহীদের লাল কালি।
রাজপথে ছড়িয়ে-ছিটিয়ে
পড়ে আছে
রক্তাক্ত কৃষ্ণচূড়ারা।
তবে শুনতে পাচ্ছ কি
ভাষার আওয়াজ?
জনতার ক্রোধ—
দেয়ালের এপাশে
পেরেক ঠুকলে
ওপাশেও প্রতিধ্বনি হয়।
এই ধ্বনি পতনের,
এই ধ্বনি ভাঙনের,
এই ধ্বনি দ্রোহের,
এই ধ্বনি আগুনের,
এই ধ্বনি প্রেমের।
এখনো যারা ক্ষমতার
লাল জামদানীর
স্বপ্নদোষে,
শুক্রপতনের
উল্লাসে ভাসে—
আড়ালে নতুন সূর্য
মুচকি হাসে
সর্বনাশের চৈত্রমাসে।